শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ০১:০৮ পিএম

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ময়মনসিংহের সদর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের আলালপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের আরও তিন সদস্য অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম এবং তাঁর চার বছর বয়সী ছেলে রোহান মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী জাহাঙ্গীর আলম পরিবার নিয়ে ময়মনসিংহ শহর থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি হালুয়াঘাটে ফিরছিলেন। অটোরিকশাটিতে তাঁর স্ত্রী রূপালী আক্তার, আট বছর বয়সী বড় ছেলে রাফি মিয়া, ছোট ছেলে রোহান মিয়া এবং শ্যালিকা শেফালী আক্তার ছিলেন। পথিমধ্যে আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম ও তাঁর চার বছরের শিশু সন্তানের মৃত্যু হয়।

দুর্ঘটনায় রাফি মিয়ার কপালে সামান্য আঘাত লাগায় স্থানীয় একটি ফার্মেসিতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।