বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩১, ২০২৬, ০৮:৪৭ পিএম

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

আলহাজ্ব কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন

সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, দেশের শীর্ষ পরিবহন ব্যবসায়ী ও হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন। তিনি ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব ও সফল ব্যবসায়ীর বয়স হয়েছিল ছেষট্টি বছর।

দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস নামক মারাত্মক ও জটিল রোগে আক্রান্ত হয়ে সেখানে উন্নত চিকিৎসা নিচ্ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সফল এই পরিবহন ব্যবসায়ী কফিল উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একাধিকবার গ্রেপ্তার হয়ে তাঁকে দীর্ঘ মেয়াদে কারাবরণ করতে হয়েছিল। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।দেশের শীর্ষস্থানীয় এই ব্যবসায়ীর আকস্মিক প্রয়াণে সাভার এলাকার সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।তাঁর এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাৎ কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সাভারের স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও তাঁর মৃত্যুতে পৃথক পৃথক শোকবার্তা প্রদান করেছেন।