বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আঞ্চলিক উন্নয়নের কেন্দ্র: উপাচার্য

আবু সালেহ মোঃ রায়হান

জুন ১, ২০২৬, ১০:৫৩ এএম

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আঞ্চলিক উন্নয়নের কেন্দ্র: উপাচার্য

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শুধু প্রথাগত শিক্ষা ও উচ্চতর গবেষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ ও সাধারণ মানুষের কল্যাণমুখী অংশীদারিত্বের মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে চায়। রোববার সন্ধ্যায় পঞ্চগড় নজরুল পাঠাগারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর মো. ইস্রাফিল শাহীন এই বিশেষ প্রত্যয় ব্যক্ত করেন। 

একই সাথে তিনি নতুন এই পাবলিক বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের আঞ্চলিক উন্নয়ন, কাউন্সেলিং ও নানামুখী সামাজিক সচেতনতার একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।পঞ্চগড়ের স্থানীয় নজরুল পাঠাগার মিলনায়তনে উপাচার্যের এই সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি জেলাটিকে নিয়ে রচিত একটি বিশেষ বইয়েরও শুভ মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত সকল শিক্ষাবিদ ও স্থানীয় সুধীসমাজের কাছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত পরামর্শ আহ্বান করেন। 

তিনি অত্যন্ত দৃঢ়ভাবে উল্লেখ করেন যে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় কেবল নিজস্ব চারদেয়ালের ক্যাম্পাস কিংবা শ্রেণিকক্ষের প্রথাগত পড়াশোনার মধ্যে কোনোভাবেই সীমাবদ্ধ থাকতে পারে না। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের মেধা এবং গবেষণালব্ধ জ্ঞানকে খুব দ্রুত চারপাশের বিভিন্ন ইউিনয়ন ও তৃণমূল কেমিউনিটির সাধারণ মানুষের দোরগোড়ায় সফলভাবে পৌঁছে দিতে হবে।তরুণ প্রজন্মের নানামুখী মানসিক বিপর্যয় রোধে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার এক নতুন পথ দেখিয়েছেন বিজ্ঞ উপাচার্য।

তরুণ সমাজের মাঝে আশঙ্কাজনকভাবে বাড়তে থাকা মারাত্মক মাদকাসক্তি, তীব্র সামাজিক অস্থিরতা ও আত্মহত্যার কুপ্রবৃত্তির মতো জটিল সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বড় ভূমিকা পালন করতে পারে। এ জন্য ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে সাধারণ মানুষের মানসিক শক্তি জোগাতে মোটিভেশন ও নিয়মতান্ত্রিক কাউন্সেলিংয়ের একটি অত্যন্ত কার্যকর ও জনবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। 

পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. ইমাম রাজী টুলু, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জর্জ কোর্টের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, আইনজীবী এ হাসান প্রধান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।