বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার ডাক প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জুন ১, ২০২৬, ০৮:৫২ পিএম

তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার ডাক প্রতিমন্ত্রীর

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ তারেক রহমানের মধ্যে নতুন এক জিয়াউর রহমানকে খুঁজে পেয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের স্বল্প সময়ে বাংলাদেশ যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, ঠিক তাঁরই পদাঙ্ক অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খাল কাটা কর্মসূচি সহ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে নিরলসভাবে দিনরাত কাজ করে চলেছেন।

রবিবার বিকেলে পঞ্চগড়ের বোদায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান তিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বোদা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবেসে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য নয়—যা জিয়াউর রহমান তাঁর শাসনামলে প্রমাণ করে গেছেন। 

তিনি নিষ্ঠা, একাগ্রতা ও কাজের মধ্য দিয়ে অত্যন্ত স্বল্প সময়ে একটি ভঙ্গুর দেশকে উন্নয়ন ও স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছেন। তাঁরই পথ অনুসরণ করে তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন এবং একটি সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড ও নারীদের জন্য ফ্যামিলি কার্ডসহ উন্নয়নের মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে একাত্তরের পরাজিত শক্তি তথা একটি বিপথগামী রাজনৈতিক দল মানুষকে বিভ্রান্ত করতে উঠেপড়ে লেগেছে। এই পরাজিত শক্তিকে রুখে দিতে দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা এবং সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস প্রমুখ।

আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত ও আলোচনা সভা শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কাঙালি ভোজে অংশ নেন এবং গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করেন।