জুন ৪, ২০২৬, ০৪:৪৮ পিএম
নির্বাচনী ইশতেহারের উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক প্রত্যাশার প্রতিফলন বিষয়ে পঞ্চগড়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সেমিনার সম্পন্ন হয়।সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ও পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজলসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রাষ্ট্র পরিচালনার কৌশল ও ভবিষ্যৎ কর্মপন্থার সুস্পষ্ট দিকনির্দেশনা এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।ইশতেহারটি পাঁচটি মূল অধ্যায়ে বিভক্ত করা হয়েছে।
জেলা প্রশাসক জানান, রাষ্ট্রব্যবস্থা সংস্কার, আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অর্থনীতির পুনর্গঠন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং জাতীয় সংহতির ওপর এই ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার পঞ্চগড়ের মতো উত্তরাঞ্চলের জেলাগুলোতে সুষম উন্নয়নের নানা কর্মসূচি এখন মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে।
ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কার্যক্রম শুরু হয়েছে।গণতান্ত্রিক চর্চা ও স্বচ্ছতা নিশ্চিতে বক্তারা নিজ নিজ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সিভিল সোসাইটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন