জুন ৬, ২০২৬, ০৩:২৮ পিএম
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে ১১ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন। ভুক্তভোগী ব্যক্তিরা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি করেছেন।সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এর কাছে এই ঘটনা ঘটে।
গত ৬ জুন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে তারা ব্যক্তিদের শনাক্ত করে বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে। প্রতিরোধ করা ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছে।
বর্তমানে তারা ভারতীয় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছে।বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলমান রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, ২৬ মে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে নিয়েছিল।
পরে বিভিন্ন দলে ভাগ করে তাদের সীমান্তবর্তী এলাকায় পাঠানো হয়। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন