জুন ৬, ২০২৬, ১১:৩৮ পিএম
পঞ্চগড়ের আটোয়ারীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। শনিবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া ব্রিজ এলাকায় র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় প্রশাসনের পাশাপাশি এতে অংশ নেয় বিডি ক্লিন পঞ্চগড় জেলা শাখার কর্মীরা।মশার প্রজনন রোধ এবং জনসচেতনতা সৃষ্টিই এই অভিযানের মূল লক্ষ্য।উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবীর নেতৃত্বে অভিযানে রসেয়া মৎস্য অভয়াশ্রমের কচুরিপানা পরিষ্কার করা হয়।
এছাড়া রসেয়া ব্রিজ থেকে তেঁতুলতলা পাকা সড়কের দুই পাশে থাকা অপ্রয়োজনীয় জঙ্গল ও পলিথিন বর্জ্য অপসারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গত মার্চ মাস থেকেই মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। সড়কের পাশের জঙ্গল পরিষ্কার করার ফলে দুর্ঘটনার আশঙ্কা কমবে এবং যাতায়াত নিরাপদ হবে।
তরুণদের অংশগ্রহণ সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে।অভিযানে অংশ নেওয়া বিডি ক্লিন পঞ্চগড় জেলা সমন্বয়ক কামরুজ্জামান কামু জানান, শুধু ময়লা পরিষ্কার করা নয়, মানুষের মানসিকতা পরিবর্তন করাই তাদের লক্ষ্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর বলেন, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখলে মশার প্রজনন বন্ধ করা সম্ভব। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন