জুন ৭, ২০২৬, ১০:৪৪ এএম
পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত এলাকায় জিরো লাইনে ৫৫ ঘণ্টা ধরে আটকে আছেন শিশুসহ ১০ জন। গত শুক্রবার ভোর পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। কিন্তু সীমান্তের জিরো লাইনে পৌঁছানোর পর আর সামনে এগোতে পারেনি তারা।
তখন থেকে তারা সেখানেই অবস্থান করছেন।সীমান্তের চারপাশজুড়ে এখন পানি। মাঠের আইলে প্লাস্টিকের ছাউনি তৈরি করে কোনোমতে ঠাঁই নিয়েছেন তারা। গত ৫৫ ঘণ্টা ধরে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে মানবেতর দিনাতিপাত করছেন এই নারী, পুরুষ ও শিশুরা। প্রচণ্ড গরম আর প্রতিকূল আবহাওয়ায় তাদের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
সীমান্ত পরিস্থিতি নিয়ে কয়েক দফায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে আলোচনা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে কোম্পানি কমান্ডার থেকে শুরু করে সেক্টর কমান্ডার পর্যায়ে বেশ কয়েকবার পতাকা বৈঠক হয়েছে।
কিন্তু বিএসএফ তাদের ফিরিয়ে নেয়নি, আবার বাংলাদেশেও প্রবেশের সুযোগ দিচ্ছে না। ফলে জিরো লাইনেই আটকে আছে দলটি।ঘটনাটি শুক্রবার ভোর থেকে শুরু হয়। এখন পর্যন্ত জিরো লাইনে থাকা পরিবারগুলোর দুর্দশা বাড়ছে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সমাধানের জন্য তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কূটনৈতিক ও পতাকা বৈঠকের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সীমান্তে বিজিবি ও বিএসএফের টহল জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্ত এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সরকারি বা বেসরকারি পর্যায়ে এখন পর্যন্ত তাদের সহায়তার কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন