বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ড প্রাপ্ত মেয়ের রায়ে খুশি বাবা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৭:১৬ পিএম

শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ড প্রাপ্ত মেয়ের রায়ে খুশি বাবা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডিত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আদালত। রোববার দুপুরে রায় ঘোষণার পর থেকেই হত্যাকারীর নিজ জেলা নাটোরের সিংড়ায় প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এই নৃশংস ঘটনার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মৃত্যুদণ্ড প্রাপ্ত স্বপ্না আক্তারের বাবা জিয়াদুল। তিনি জানান, রামিসার মতো নিষ্পাপ শিশুকে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জিয়াদুল আরও বলেন, তিনি অনেক আগেই স্বপ্নাকে ত্যজ্য করেছিলেন। 

রায়ে তিনি খুশি এবং দ্রুত এই সাজা কার্যকরের দাবি জানিয়েছেন। পরিবার থেকে কোনো আপিল করা হবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।এদিকে সোহেল রানার পরিবারের সদস্যরা জানিয়েছেন, রায়ের বিষয়টি তারা আগে জানতেন না। 

সোহেলের বোন জলি বেগম জানান, ভাইয়ের ফাঁসির আদেশ তারা মেনে নিয়েছেন। তবে আর্থিক অস্বচ্ছলতার কারণে আপিল করার সামর্থ্য তাদের নেই।প্রতিবেশীরা জানিয়েছেন, স্বপ্না তার পরিবারের অমতে সোহেলকে বিয়ে করেছিলেন। 

এরপর থেকে তাদের সঙ্গে পরিবারের দূরত্ব তৈরি হয়। রায়ের পর সিংড়ার মহেশচন্দ্রপুর গ্রামের মানুষ শান্তি প্রকাশ করেছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।