জুন ১২, ২০২৬, ১১:১১ এএম
রাজধানীর শেরেবাংলানগর জিয়া উদ্যান এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। দুজনের শরীরেই জখমের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গ্লাস ব্রিজের সামনে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।হাসপাতাল সূত্রে জানা যায়, ৩ জন অজ্ঞাত ছিনতাইকারী একটি ঘটনা ঘটিয়ে ব্যাটারিচালিত রিকশায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন টহলরত পুলিশ সদস্যরা মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন।
একপর্যায়ে তাদের ধরে ফেললে ১ জন ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে।আহতরা হলেন শেরেবাংলানগর থানার উপপরিদর্শক সামসুজ্জোহা এবং কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন। সামসুজ্জোহার বয়স ৩৪ এবং হৃদয় হোসেনের বয়স ২০ বছর।
খবর পেয়ে থানার অন্য পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করেন। প্রথমে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।আহত দুজন বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন