জুন ১২, ২০২৬, ০৫:৪৯ পিএম
তরুণ ও কিশোর শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে দিনব্যাপী স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম প্রকল্পের আওতায় এই প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধান করে স্থানীয় উপজেলা প্রশাসন।
এই বিজ্ঞান প্রদর্শনীতে পঞ্চগড় সদর উপজেলার মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনকৃত ১২টি বিজ্ঞান প্রকল্প স্থান পায়।দুপুরে পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো আসাদুন্নবী, সহকারী কমিশনার ভূমি মোহন মিনজি এবং সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী শিক্ষার্থীদের তৈরি এই প্রকল্পগুলো ঘুরে দেখেন। এ সময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবীর মো কামরুল হাসান উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রকল্পগুলোর বিভিন্ন কারিগরি দিক মূল্যায়ন করেন।
কর্মকর্তাদের এই মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তীতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, মূলত নতুন যুগের আধুনিক প্রযুক্তির সাথে বিজ্ঞান পরিচিতি বাড়াতে এই কর্মসূচি ভূমিকা রাখবে।অনুষ্ঠানে প্রদর্শিত ১২টি প্রকল্পের মধ্যে নির্বাচিত সেরা একটি প্রকল্পকে প্রথমে জেলা পর্যায়ে এবং পরবর্তীতে রাজধানী ঢাকায় প্রদর্শন করা হবে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি সাংবাদিকদের জানান, আগামী ২৮ জুন প্রধানমন্ত্রী এই বিজ্ঞান কর্মসূচির সাথে সরাসরি সম্পৃক্ত হবেন, যা নতুন বিশ্বের প্রযুক্তিগত ধারণা তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন