বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

অটোয়ারীর দোহসুহ মাদ্রাসায় জরাজীর্ণ কক্ষে পাঠদান

নিজস্ব প্রতিবেদক

জুন ১৬, ২০২৬, ১১:৩৩ পিএম

অটোয়ারীর দোহসুহ মাদ্রাসায় জরাজীর্ণ কক্ষে পাঠদান

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের অটোয়ারী উপজেলাধীন বলরামপুর ইউনিয়নে অবস্থিত দোহসুহ দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে উল্লেখযোগ্য সরকারিভাবে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। যতটুকু উন্নয়ন হয়েছে তা প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে। ফলে কোনো রকমে জরাজীর্ণ কক্ষগুলোতে বহু বছর ধরে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। 

পাশাপাশি সুপারসহ শিক্ষকদের বসার অফিস কক্ষটিও একেবারে খুব ছোট।মাদ্রাসাটি ১৯৮০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে এমপিওভুক্ত হয় ১৯৯৪ খ্রিষ্টাব্দে। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অনুকূলে বর্তমানে ১৯ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছে। এছাড়াও প্রায় পাঁচ জনের অধিক পদ শূন্য থাকায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ঐ মাদ্রাসার সুপার মোঃ আমিরুল ইসলাম বিপ্লব অভিযোগের সুরে বলেন, বিগত কোনো সরকারই এই প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন বরাদ্দ দেয়নি। আমরা যতটুকু পেরেছি তা দিয়েই প্রতিষ্ঠানটি ধরে রেখেছি।দোহসুহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খান বলেন, প্রতিবছর এই মাদ্রাসার শিক্ষার্থীরা লেখাপড়ায় ভালো ফলাফল অর্জন করে থাকে। এছাড়াও জাতীয় নির্বাচনে দোহসুহ মাদ্রাসা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। 

একই সাথে মাদ্রাসা আসার মূল সড়কটি আজও পাকা হয়নি। ফলে শিক্ষার্থীদের মাদ্রাসায় আসা-যাওয়ার ক্ষেত্রে এবং নির্বাচনকালীন সময় সংশ্লিষ্ট সকলকে ভোগান্তি পোহাতে হয়।এই প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান জানান, উপজেলার উন্নয়ন প্রকল্পে দোহসুহ দাখিল মাদ্রাসার নাম তালিকার শীর্ষে রাখা হয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি ভালো কিছু হবে।এলাকার সুধী মহল মনে করেন, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ রাস্তাটি দ্রুত পাকাকরণ এখন সময়ের দাবি।