শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী যাত্রী আটক

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২১, ২০২৬, ০৩:৫৩ পিএম

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী যাত্রী আটক

কক্সবাজার বিমানবন্দরে ঢাকা যাওয়ার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ জেসমিন আক্তার নামের এক নারী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। রোববার সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় এই মাদক জব্দ করা হয়। আটক ৩৭ বছর বয়সী ওই নারী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ৯ হাজার ৮২৫টি।কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার মোহাম্মদ গোলাম মুর্তুজা বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কক্সবাজার থেকে নভোএয়ারের ঢাকাগামী প্রথম ফ্লাইটের ওই যাত্রী বোর্ডিং পাস সংগ্রহ করেন। এরপর নিয়ম অনুযায়ী তাঁর হোল্ড লাগেজ স্ক্যানিং করার সময় দায়িত্বে থাকা কর্মীদের মনিটরের স্ক্রিনে সন্দেহজনক বস্তুর উপস্থিতি ধরা পড়ে। 

লাগেজে কোনো অবৈধ উপাদান থাকতে পারে এমন সন্দেহে কর্মকর্তারা তাৎক্ষণিক সতর্ক অবস্থান নেন।পরবর্তীতে ওই নারী যাত্রীর উপস্থিতিতেই তাঁর লাগেজটি খুলে বিস্তারিত তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর সাথে থাকা ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করা অবস্থায় কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। 

কর্মকর্তারা প্যাকেটগুলো খুলে গণনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকের উপস্থিতি নিশ্চিত করেন।মাদকসহ হাতেনাতে ধরা পড়ায় ঘটনাস্থল থেকেই ওই নারীকে আটক করে বিমানবন্দর নিরাপত্তা বিভাগ। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।