বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

নারীদের সম্পৃক্ত না করলে দেশের উন্নয়ন অসম্ভব

নিজস্ব প্রতিবেদক

জুন ২৩, ২০২৬, ০৭:৫৫ পিএম

নারীদের সম্পৃক্ত না করলে দেশের উন্নয়ন অসম্ভব

ছবি-দিনাজপুর টিভি

নারীদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে না পারলে সত্যিকার অর্থে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই দেশের উন্নয়নে নারীদের সম্পৃক্ত করা না গেলে তারা আরও পিছিয়ে যাবে। আর নারীদের এসব উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে না পারলে সত্যিকার অর্থে দেশের উন্নয়ন সম্ভব নয়। 

নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে দেশে অনেক আইন রয়েছে। নারীদের নিজেদের তাদের অধিকার সম্পর্কে জানতে হবে। অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী করে তুলতে হবে। নারীরা যত বেশি স্বাবলম্বী হবে ততই তাদের প্রতি সহিংসতা কমে আসবে। আর কন্যাশিশুর প্রতি সহিংসতা কমাতে হলে ১৮ বছরের কম বয়সী ছেলে-মেয়েদের মুঠোফোন থেকে দূরে রাখতে হবে।তিনি গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির অধীনে ওই সংলাপে ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোর্শেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ফাহমিদা সুলতানা ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী।সংলাপে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।