বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

কুড়িগ্রামে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৪

জয়ন্ত কুমার জয়

জুলাই ৪, ২০২৬, ০৯:৪০ পিএম

কুড়িগ্রামে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৪

ছবি : দিনাজপুর টিভি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গ্যাসবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন এরশাদ আলী (৪০), যার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর গ্রামে।

দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।আহতদের মধ্যে মিজানুর (৬০), রবিউল ইসলাম (৩৫), শফিউর রহমান (১৯) এবং সিএনজিচালক দুলু (৩৪)-কে উদ্ধার করে দ্রুত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্লাবন জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে এবং আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে গেছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।