বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত এক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৩:২০ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত এক

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বাসটির সুপারভাইজার বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।সড়ক দুর্ঘটনার ফলে সাময়িকভাবে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা নাহিদ সুপার পরিবহনের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। চালক অন্য একটি বাসকে ওভারটেক করার সময় সামনে একটি থ্রি-হুইলার চলে আসে। সেটি বাঁচাতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা অন্য যাত্রীরা দ্রুত বেরিয়ে আসতে পারায় বড় কোনো প্রাণহানি হয়নি।

স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুপারভাইজারকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই সুপারভাইজারের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জান জানান, বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।