বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ৬, ২০২৬, ০৯:২১ পিএম

নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই বছরের শিশু প্রিয়মের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের সাদ্দামের মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত প্রিয়ম দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চৌরাস্তা এলাকার বাসিন্দা মারুফ পাপ্পুর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সবার অগোচরে শিশুটি বাড়ির বাইরে খেলতে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে শিশুটির মরদেহের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।