বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ০৪:১৮ পিএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসার ওপর পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২০ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে ক্যাম্পের পাশের পাহাড়ের একটি বড় অংশ ধসে মক্তবটির ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় মক্তবটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু পড়াশোনা করছিল।

ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের বের করে আনার কাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজার জেলাজুড়ে বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি চরম আকার ধারণ করেছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত ব্যক্তিদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।