জুলাই ৮, ২০২৬, ০৬:২৯ পিএম
বগুড়া শহর ও আশপাশের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরদিন শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।
পিজিসিএল-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাসেক-২ প্রকল্পের আওতায় বগুড়া অঞ্চলের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিদ্যমান গ্যাস পাইপলাইন অপসারণ ও স্থানান্তর কাজ চলছে। এই প্রকল্পের অংশ হিসেবে বগুড়া ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) এবং পাইপলাইনের দুই প্রান্তে টাই-ইন ও গ্যাস কমিশনিং কাজ সম্পন্ন করা হবে।
নির্ধারিত সময়ে পুরো বগুড়া গ্যাস নেটওয়ার্কে সরবরাহ বন্ধ থাকবে। ফলে শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস-সংযোগ থেকে বঞ্চিত হবেন।
বনানী মোড় ও তিনমাথা রেলগেট ছাড়াও শাকপালা বাসস্ট্যান্ড, মিলেনিয়াম স্কুল, জাহাঙ্গীরনাবাদ ক্যান্টনমেন্ট, পল্লী বিদ্যুৎ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পিজিসিবি, জিটিসিএল এবং অতিথি সিএনজি ফিলিং স্টেশনসহ প্রায় ১২টি স্থানে এই টাই-ইন কাজ সম্পন্ন করা হবে।
পিজিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য পিজিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম তারিকুল ইসলাম গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং কাজটি সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন