বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস শিশুদের গাছের চারা ও ক্রেস্ট উপহার

শহিদুল ইসলাম

জুলাই ৯, ২০২৬, ০৪:০৯ পিএম

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস শিশুদের গাছের চারা ও ক্রেস্ট উপহার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। 

বিশেষ করে শিল্প-কারখানাগুলো যাতে নিয়ম মেনে চলে এবং পরিবেশ দূষণ না করে, সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন সভায় স্বাগত বক্তব্য রাখেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনের অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল শিশুদের পুরস্কার বিতরণী। পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৪ জন শিশুকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।