জুলাই ১০, ২০২৬, ০৮:৪৩ পিএম
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটে এখন মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। শুক্রবার এই তথ্য জানানো হয়।বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ১ নম্বর ইউনিটে ৪২, ২ নম্বর ইউনিটে ৪২, ৩ নম্বর ইউনিটে ৩৫, ৪ নম্বর ইউনিটে ৩০ এবং ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। পানির স্তর স্বাভাবিকের চেয়ে কম থাকায় গত তিন মাস কেন্দ্রের পাঁচটি ইউনিট একসঙ্গে চালু রাখা সম্ভব হয়নি। পানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ৯৬ মেগাওয়াটে নেমে এসেছিল, তবে বর্তমান বৃষ্টিপাতে সেই সংকট অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
কন্ট্রোল রুম সূত্রে আরও জানা যায়, গত কয়েক দিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে লেকে পানি বাড়ছে। বর্তমানে লেকে পানির স্তর ৮৫ দশমিক ৪৪ ফুট এমএসএল। রুলকার্ভ অনুযায়ী, এই সময়ে লেকে ৯০ দশমিক ৩১ ফুট এমএসএল পানি থাকার কথা। কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। বৃষ্টিপাত অব্যাহত থাকলে উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মূলত প্রকৃতির ওপর নির্ভরশীল। কাপ্তাই লেকে পানির পরিমাণ বেড়ে গেলে পাঁচটি ইউনিট পূর্ণ ক্ষমতায় চালু রাখা সম্ভব হয়। সে ক্ষেত্রে এই কেন্দ্র থেকে ২৩০ থেকে ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বর্তমানে উৎপাদন বাড়ায় সংশ্লিষ্টরা আশাবাদী যে সামনে বিদ্যুৎ সংকট আরও কমে আসবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন