বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে গায়েবানা জানাজা জমির উদ্দিন সরকারের বিদায়ে শোক

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ১২, ২০২৬, ০৪:১৭ পিএম

পঞ্চগড়ে গায়েবানা জানাজা জমির উদ্দিন সরকারের বিদায়ে শোক

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে নিজ জেলা পঞ্চগড়ে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরের নয়াবাড়ি এলাকায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের মাতম চলছে।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

নিজ এলাকায় প্রিয় নেতার মৃত্যুতে শোকে মুহ্যমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় বাসিন্দারা সকাল থেকেই তাঁর গ্রামের বাড়িতে ভিড় করছেন। স্বজন ও ভক্তরা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মরদেহ তাঁর জন্মভূমি তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে এনে দাফন করার আকুতি জানিয়েছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে মরদেহ পঞ্চগড়ে নিয়ে আসা সম্ভব হয়নি।

জেলার দলীয় কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। আজ সকালে পঞ্চগড় দলীয় কার্যালয়ে শোক জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এ অঞ্চলের মানুষের জন্য বটবৃক্ষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা অভিভাবক হারালাম। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। জেলায় শিক্ষা প্রতিষ্ঠানসহ অসংখ্য উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।

এদিকে, তাঁর স্মরণে জেলা বিএনপি তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। আজ দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপির আয়োজনে তাঁর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেল সাড়ে ৫টায় তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জিয়া গার্লস স্কুল মাঠে ভজনপুর ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে আরেকটি গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে।