জুলাই ১৩, ২০২৬, ০২:২৭ পিএম
গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ বা সি.আই.ডি.। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান।গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার সি.আই.ডি.র একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকার উত্তরার পশ্চিম থানায় হরিদাসের বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তারের লক্ষ্যে সি.আই.ডি.র বিশেষ দলটি পলাশবাড়ীতে অভিযান চালায় এবং পুলিশের সহযোগিতায় তাকে আটক করে ঢাকায় নিয়ে যায়।
হরিদাস চন্দ্র তরণী দাস এলাকায় দীর্ঘদিন ধরেই নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন। তার বিরুদ্ধে ধর্মকে পুঁজি করে প্রতারণা করার একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগেও ২০২২ সালের ৮ নভেম্বর তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সেই সময় সরকারি বিভিন্ন কর্মকর্তা ও মন্ত্রীর ভুয়া পরিচয় দিয়ে বদলি-বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় জামিন পাওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে গণ-অভ্যুত্থানের পর তিনি এলাকায় ফিরে নতুন করে মূর্তি ও ধর্মের নামে প্রতারণা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। অতীতে তিনি ধর্ম পরিবর্তন করে তাওহীদ ইসলাম নাম ধারণ করেছিলেন এবং সুমি ইসলাম নামে একজনকে বিয়েও করেছিলেন। প্রতারণামূলক এসব কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরেই তিনি প্রশাসনের নজরদারিতে ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন