জুলাই ১৩, ২০২৬, ০২:৫৪ পিএম
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম এবং এর আশপাশের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি ক্রমশ নাজুক হয়ে উঠেছে। বানের পানিতে তলিয়ে যাচ্ছে একের পর এক জনপদ। নানা দুর্ঘটনায় এ অঞ্চলে ইতোমধ্যে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। লাখ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছেন। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এমন দুর্যোগের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।ভিডিওতে দেখা যায়, বন্যার তীব্র স্রোত থেকে নিজের সন্তানের কবর বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন এক বাবা। চারিদিকে যখন মানুষ নিজের ঘরবাড়ি ও বেঁচে থাকার শেষ সম্বলটুকু রক্ষায় ব্যস্ত, ঠিক তখনই এই হতভাগ্য পিতা নিজের জীবন বাজি রেখে আগলে রাখার চেষ্টা করছেন মৃত সন্তানের শেষ স্মৃতিটুকুকে।
নিরাপদ আশ্রয়ের খোঁজে না ছুটে তিনি ছুটে গেছেন স্থানীয় কবরস্থানে। কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই কেবল কয়েকটি বাঁশ আর টিনের টুকরো দিয়ে পরম মমতায় কবরটি ঢেকে রাখার চেষ্টা করছেন তিনি। নিজের জীবনের চরম ঝুঁকির মুখে দাঁড়িয়ে, মৃত সন্তানের প্রতি এই বাবার সীমাহীন ভালোবাসার দৃশ্যটি কাঁদিয়েছে হাজারো মানুষকে।
বন্যায় চট্টগ্রামের জনপদ এখন বিপর্যস্ত। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের দুর্ভোগ। দুর্গত এলাকায় উদ্ধারকাজ চলমান রয়েছে। তবে এই বাবার একাকী লড়াই যেন চলমান বন্যা পরিস্থিতির সামগ্রিক কষ্টের এক হৃদয়বিদারক দলিল হয়ে উঠেছে। প্রকৃতির সব নির্মমতাকে উপেক্ষা করে সন্তানের শেষ চিহ্ন রক্ষায় এই বাবার আকুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মানবিক গল্পের জন্ম দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন