জুলাই ১৩, ২০২৬, ০৪:২০ পিএম
টানা ১১ দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। সোমবার সকালে হ্রদের পানির স্তর ১০০ ফুট মিন সি লেভেল অতিক্রম করেছে। এই পানি বৃদ্ধির ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ।
পানির এই উচ্চতা বৃদ্ধি বিদ্যুৎ কেন্দ্রের জন্য স্বস্তির খবর।কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০০ দশমিক ৬০ ফুট মিন সি লেভেল। এর আগের দিন রোববার রাতে এই উচ্চতা ছিল ৯৯ দশমিক ১৫ ফুট।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। গত বছরের নভেম্বর পর্যন্ত উৎপাদন ২০০ মেগাওয়াটের বেশি থাকলেও, হ্রদে পানির স্বল্পতার কারণে ডিসেম্বর থেকে উৎপাদন কমে গিয়েছিল।
কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট করে মোট ১৬০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট। হ্রদে পানির প্রবাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতে উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন