বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ১০:৩৪ এএম

কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ ডুবুরির মরদেহ উদ্ধার

ছবি - সংগৃহীত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের এক ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার ফায়ার সার্ভিস জেটিতে এ দুর্ঘটনা ঘটে।নিহত ডুবুরির নাম সাদিক। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি ছিলেন।

জানা যায়, ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্য সাদিক, শামসুল এবং স্পিডবোট চালক সজল মিলে জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ স্পিডবোট থেকে নদীতে পড়ে গিয়ে সাদিক তলিয়ে যান। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ার সময় তিনি মাথায় বা শরীরের অন্য কোথাও গুরুতর আঘাত পেয়ে তলিয়ে গেছেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটি’র ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযানে নামে। দীর্ঘ অভিযানের পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত ডুবুরি সাদিকের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমারকান্দি গ্রামে। তার বাবার নাম আশরাফ শেখ। সাদিকের অকাল মৃত্যুতে ফায়ার সার্ভিসসহ তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।