বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে কৃষি ঋণ মওকুফ ৫ হাজার ৮৯০ কৃষক পেলেন সনদ

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ১৯, ২০২৬, ০৪:০১ পিএম

পঞ্চগড়ে কৃষি ঋণ মওকুফ ৫ হাজার ৮৯০ কৃষক পেলেন সনদ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সার নিয়ে কেউ সংকট সৃষ্টি ও কারসাজি করতে চাইলে তাদের সোজা আইনের হাতে তুলে দিতে হবে। এ বিষয়ে কোনো ছাড় বা আপস নেই। রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত কৃষি ঋণ মওকুফ সনদপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন কৃষকের ৮ কোটি ৭৩ লক্ষ টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক উন্নত হলে দেশের উন্নতি হবে এবং কৃষক স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার এবং কৃষকদের নির্বিঘ্নে কৃষিকাজ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সার কারসাজিকারীদের উদ্দেশে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, সার নিয়ে সংকট সৃষ্টি করলে সে যে দলের, যে মতের বা যে ধর্মেরই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে ঋণের সনদপত্র প্রদানের পাশাপাশি কৃষকদের মাঝে ২৯ হাজার ৪৫০টি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি কৃষকের হাতে পাঁচটি করে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে।জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা আহেমদ রাশেদ উন নবী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।