শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২০, ২০২৬, ১১:৩৯ এএম

জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত: প্রতিমন্ত্রী

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, যেভাবে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানানো হয়, ঠিক একইভাবে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদেরও যথাযথ স্বীকৃতি দেওয়া উচিত।রোববার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এই সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের দলের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

নিজের বেতন থেকে তিনি জুলাই মাসের শহীদদের পরিবারকে নিয়মিত সম্মাননা ভাতা দেওয়ার বিষয়টি তুলে ধরেন। এছাড়া সংসদ সদস্যদের জন্য বরাদ্দ কোটা থেকে তিনি ইতিমধ্যে দুইজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বোদা ও দেবীগঞ্জ কার্যালয়ে তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সভায় জেলা প্রশাসক মোছাম্মৎ শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সায়েম, সিভিল সার্জন চিকিৎসক মির্জানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক মনি রানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার পর তিনি পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। বিকেলে তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। সন্ধ্যার দিকে তিনি সদর উপজেলার দেওয়ানহাট যুব উন্নয়ন সংঘ আয়োজিত রক্তদাতা সম্মাননা ও ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।