শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড় রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ২১, ২০২৬, ০৬:৩৮ পিএম

পঞ্চগড় রেলস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদে একটি বিশেষ অভিযান চালিয়েছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ ও রেলওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ছোট-বড় ঘরবাড়ি ও দোকানপাটসহ মোট চল্লিশটি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।উচ্ছেদ অভিযানে স্ক্যাভেটর দিয়ে একে একে স্থাপনাগুলো ভেঙে ফেলার কারণে একমাত্র আয়ের পথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লাইসেন্সের জন্য চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা দেয়নি। 

নিয়ম অনুযায়ী প্রতি বর্গফুট জমির জন্য নির্দিষ্ট ফি থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা লাইসেন্স দেওয়ার নামে লক্ষাধিক টাকা দাবি করেছেন বলে অভিযোগ করেছেন তারা। তবে রেলওয়ের কানুনগো আবু বক্কর সিদ্দিক এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেছেন, এতদিন কেউ কোনো অভিযোগ না তুললেও এখন অবৈধ সুবিধা বঞ্চিত হয়ে তারা এসব কথা বলছেন।

অভিযানের বিষয়ে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মঞ্জুর হোসেন গণমাধ্যমকে জানান, রেলওয়ের নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রায় ছয় মাস আগে থেকেই ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল এবং মাইকিংসহ বিভিন্নভাবে সরকারি নীতিমালা অনুযায়ী লাইসেন্স গ্রহণের আহ্বান জানানো হয়েছিল। নির্ধারিত সময়ে যারা লাইসেন্স গ্রহণ করেননি, তাদের অবৈধ স্থাপনাগুলোই নিয়ম অনুযায়ী উচ্ছেদ করা হয়েছে।