শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ম্যাজিক চুলায় ভাত রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ২৪, ২০২৬, ০২:৪৩ পিএম

ম্যাজিক চুলায় ভাত রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

পঞ্চগড় সদর উপজেলায় ম্যাজিক চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের চাকলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার শহিম উদ্দীনের স্ত্রী।পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহতের মেয়ে মাইশা আক্তার জানান, সকালে ঘরে পড়াশোনার সময় তিনি হঠাৎ একটি শব্দ শুনতে পান। দৌড়ে গিয়ে দেখেন তার মা মেঝেতে পড়ে রয়েছেন। এরপর দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক জানান, পথেই তার মৃত্যু হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু নিশ্চিত হয়।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রস্তুত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।