জুলাই ২৯, ২০২৬, ১১:২৩ এএম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে জেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই সাইবার অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।প্রতিমন্ত্রীর রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতেই একটি মহল প্রযুক্তির অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন নেতারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতারা বলেন যে, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সবসময় তৃণমূলের মানুষের অধিকার আদায়ে এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি তিনি তেলের সংকট এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেওয়ার পরই একটি পক্ষ তার মানহানি করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তার মুখের ছবি ও তথ্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। বক্তারা আরও অভিযোগ করেন যে, বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা বলেন যে, জাতীয় সংসদের বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যুতে প্রতিমন্ত্রী যখন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, তখনই এই কুচক্রী মহলটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ ধরনের নোংরা রাজনৈতিক অপতৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য ইউনুস আলী, আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য আব্দুল বারীসহ জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে এই অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়, বোদা উপজেলা শহর এবং দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।প্রযুক্তির অপব্যবহার রোধে এবং এ ধরনের সাইবার অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন