রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদে সনাতনীদের বিক্ষোভ

আবু সালেহ মোঃ রায়হান

আগস্ট ১, ২০২৬, ০৪:০৮ পিএম

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদে সনাতনীদের বিক্ষোভ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার ও কুৎসা রটানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন পঞ্চগড়ের সনাতন ধর্মাবলম্বীরা। এর প্রতিবাদে শনিবার দুপুরে জেলায় একটি বিশাল বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় পাঁচ শতাধিক সচেতন সনাতনী নারী-পুরুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, পঞ্চগড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব অন্যদা প্রসাদ রায় এবং স্থানীয় সনাতনী প্রতিনিধিরা। 

বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল প্রতিমন্ত্রীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের সুসম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা ভিডিও ও ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।সাম্প্রতিক নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে যাওয়া এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করা হয়। 

বিরোধী পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে দাবি করে বক্তারা এর তীব্র নিন্দা জানান এবং জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন।বিক্ষোভ সমাবেশ শেষে পঞ্চগড় প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়ে নেতারা প্রেস ক্লাব হলরুমে একটি সংবাদ সম্মেলন করেন এবং প্রতিমন্ত্রীর বিরুদ্ধে রটানো কুৎসায় কান না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।