আগস্ট ৩, ২০২৬, ০৩:৫২ পিএম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুভর্তি বস্তায় আকস্মিক বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই তার স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম দগ্ধ হন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়।দগ্ধদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘরের পাশে রাখা বালুর বস্তার ভেতর বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের পর শরীরে আগুন ধরে যাওয়ায় প্রাণ বাঁচাতে তারা পাশের নদীতে ঝাঁপ দেন। ততক্ষণে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক বা বস্তু সেখানে ছিল এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন