সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৯, ২০২৬, ০৭:১৬ পিএম

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁও এলাকার ফুটপাতে কম খরচে খাবার পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া মিজানুর রহমান ওরফে ‍‍`ভাইরাল মিজানকে‍‍` গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা। রোববার দুপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে গিয়ে সরকারি কাজে বাধা প্রদান এবং প্রশাসনিক কর্মকর্তাদের ওপর চড়াও হওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়। 

পরবর্তীতে কাফরুল থানায় মামলা দায়েরের পর তাকে আদালত প্রাঙ্গণে পাঠানো হয়েছে।রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে নিয়মিত তদারকির অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল আগারগাঁও অঞ্চলের ফুটপাত ও অবৈধ স্থাপনায় বিদ্যুতের অসাধু সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করছিল। 

অভিযান চলাকালে অভিযুক্ত মিজানের দোকানের অবৈধ সংযোগ কাটতে গেলে তিনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও বিদ্যুৎ বিভাগের কর্মীদের ওপর চড়াও হন। এ সময় সেখানে দায়িত্বরত সিটি কর্পোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের বাধা দেওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ দ্রুত তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।স্বল্প মূল্যে এক পিস গরুর মাংসের সাথে ভাত ও অন্যান্য আনুষঙ্গিক খাবার বিক্রির ব্যতিক্রমী উদ্যোগের জন্য ‍‍`গরিবের বুফে‍‍` নামে পরিচিতি পেয়েছিলেন এই ব্যবসায়ী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার খাবার পরিবেশনের ভিডিও প্রচারের মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা পান। তবে সরকারি কর্মচারীদের দাপ্তরিক কাজে বাধা প্রদান এবং হাতাহাতির ঘটনায় কাফরুল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।আইন অনুযায়ী পরবর্তী বিচারের প্রক্রিয়ার জন্য তাকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।