বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

শতকোটি টাকায় নির্মিত চিলহাটি রেলস্টেশন এখন পরিত্যক্ত ধ্বংসস্তূপ

শহিদুল ইসলাম

আগস্ট ১৬, ২০২৬, ১০:৪৪ এএম

শতকোটি টাকায় নির্মিত চিলহাটি রেলস্টেশন এখন পরিত্যক্ত ধ্বংসস্তূপ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর ডোমার উপজেলার চিলহাটি সীমান্তে প্রায় ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশনটি এখন পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আন্তর্জাতিক যাত্রী পরিবহন ও সীমান্ত বাণিজ্যের উদ্দেশ্যে নির্মিত এই বিশাল অবকাঠামো বর্তমানে ধুলা আর মরিচায় ঢেকে রয়েছে।বিগত সরকারের আমলে স্থলবন্দরটিকে ঘিরে ব্যাপক পরিকল্পনা নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি।

ভবনটির ভেতরের নতুন চেয়ার-টেবিল, স্টিলের ফার্নিচার ও অন্যান্য আসবাবপত্র বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে, এমনকি সিলিং ফ্যানগুলোও অচল। দ্বিতীয় তলায় কাস্টমস ও ব্যাংক কর্মকর্তাদের জন্য সংরক্ষিত নির্দিষ্ট কক্ষ এবং তৃতীয় তলার আধুনিক রেস্তোরাঁ চত্বরটি এখন সম্পূর্ণ ফাঁকা। এছাড়া ভিআইপি যাত্রীদের সাময়িক অবস্থানের জন্য তৈরি আন্তর্জাতিক মানের দোতলা রেস্টহাউসটিতে দীর্ঘদিন ধরে তালা ঝুলছে।

দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভারত সীমান্ত পর্যন্ত প্রসারিত যে রেললাইনে ট্রেনের হুইসেল বাজার কথা ছিল, সেই চকচকে লাইনে এখন ঘন মরিচা ধরেছে। বিশাল ওভারব্রিজ, যাত্রীছাউনি ও গার্ডরুমগুলোও কোনো কাজে আসছে না। বন্দর চালু হওয়ার সম্ভাবনায় স্থানীয় অনেক ব্যবসায়ী বিপুল অর্থ বিনিয়োগ করে ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত প্রস্তুতি শুরু করেছিলেন। কার্যক্রম থমকে যাওয়ায় তারা চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন।

অবকাঠামোগত ঘাটতির কারণ দেখিয়ে গত বছরের আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে সীমান্তবন্দরটির সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করে। রাষ্ট্রীয় সম্পদের এমন অপচয়ে ক্ষোভ জানিয়ে দ্রুত বিকল্প ব্যবস্থায় এই বিশাল অবকাঠামোটি ব্যবহারের দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।