বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

অতীতের দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতের এই অবস্থা:প্রতিমন্ত্রী

আবু সালেহ মোঃ রায়হান

আগস্ট ১৬, ২০২৬, ১১:০২ এএম

অতীতের দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতের এই অবস্থা:প্রতিমন্ত্রী

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বিগত সরকারের সময়কার অনিয়ম ও দুর্নীতির কারণেই বর্তমান সরকার বিদ্যুৎ সংকটের বাস্তবতার মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রবিবার সকালে পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।চলমান এই সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল ও আমেরিকার চলমান সংঘাত এবং হরমুজ প্রণালি বন্ধ হওয়ার মতো আন্তর্জাতিক পরিস্থিতিও দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি দেখভাল করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করে যাচ্ছে। বাড়ির ছাদ, অনাবাদি জমি ও নদীর তীরসহ বিভিন্ন স্থানে সোলার বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণের পাশাপাশি উদ্বৃত্ত উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

মৎস্য পক্ষ দিবসের আলোচনায় মাছকে নিরাপদ প্রাণিজ আমিষের অন্যতম উৎস উল্লেখ করে তিনি এর উৎপাদন বাড়ানোর তাগিদ দেন। মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি মৎস্য চাষের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই সভায় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং জেলা মৎস্য কর্মকর্তা ডা. কে এম আব্দুল হালিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।