শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০৬:১৪ পিএম

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ভয়াবহ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২৫ যাত্রী। মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে।

বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিকুল আলম জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার মারা যান।

আহত ২৫ যাত্রীকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।