শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

৮ মাসে নিজ হাতে সম্পূর্ণ পবিত্র কোরআন লিখলেন শিক্ষার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০৭:৩৬ পিএম

৮ মাসে নিজ হাতে সম্পূর্ণ পবিত্র কোরআন লিখলেন শিক্ষার্থী

ছবি : সংগৃহীত

মাত্র আট মাসে নিজ হাতে সম্পূর্ণ পবিত্র কোরআন শরিফ লিখে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার লাকসাম উপজেলার এক শিক্ষার্থী। সুরাইয়া জান্নাত নামের ওই শিক্ষার্থীর হাতের লেখা এতটাই নিখুঁত ও সুন্দর যে তা দেখলে মনে হয় কোনো ছাপা অক্ষরের কিতাব।তিনি মুদাফরগঞ্জ এ ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিন থেকে তিনি নিজ হাতে পবিত্র কোরআন লেখার এই মহৎ কাজ শুরু করেন। মাদ্রাসার নিয়মিত পড়াশোনার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে তিনি এই অসাধ্য সাধন করেন। প্রায় আট মাসের টানা চেষ্টায় আগস্টের শেষ দিকে তিনি ত্রিশ পারার একশ চৌদ্দটি সূরার সম্পূর্ণ কোরআন শরিফের অনুলিপি লেখা সম্পন্ন করেন।এই পুরো কাজে তার প্রায় পঞ্চান্নটি কলম লেগেছে এবং এক হাজার উনত্রিশ পৃষ্ঠায় কোরআন শরিফটি লিপিবদ্ধ করা হয়েছে।

কোরআন লেখার প্রতিটি মুহূর্তে পবিত্রতা বজায় রাখার বিষয়ে অত্যন্ত সতর্ক ছিলেন সুরাইয়া। তিনি গণমাধ্যমকে জানান, প্রতিবার লেখার টেবিলে বসার আগে অজু করে নিতেন এবং মহানবির ওপর দরুদ পাঠ করে লেখা শুরু করতেন। তার এই কাজের নেপথ্যে ছিল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং রাসুলুল্লাহর শাফায়াত লাভের পবিত্র উদ্দেশ্য। সমবয়সীরা যখন মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সময় অপচয় করে, তখন তিনি সেই সময় কোরআনের হরফ সাজাতে ব্যয় করেছেন।

তার এমন মহৎ ও বিরল কীর্তিতে পরিবারের পাশাপাশি স্থানীয় প্রশাসনও উচ্ছ্বাস প্রকাশ করেছে।স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুরাইয়া জান্নাতকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে হাদিসের বিখ্যাত গ্রন্থ সহিহ বুখারি নিজ হাতে লেখার ইচ্ছা পোষণ করার পাশাপাশি গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই মেধাবী শিক্ষার্থী।