আগস্ট ২১, ২০২৬, ০৯:১১ পিএম
নতুন ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও তার পরিবর্তনের কাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় দীর্ঘ ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামী শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিরতি কার্যকর হবে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার নাটোরের বড়াইগ্রাম-১ উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলা কান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর, আটঘরিয়া এবং বড়বড়িয়া এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার ৬, ৭ ও ৮ নম্বর (আংশিক) ফিডারের আওতাধীন গ্রাহকরা দীর্ঘ এই সময়ের জন্য বিদ্যুৎ সুবিধা পাবেন না।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক লাইনের গুণগত মান উন্নত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার স্বার্থে এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক এই অসুবিধার জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে কাজের পরিধি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময়কাল কিছুটা কম বা বেশি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন