বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সরাইলে ঈদে মিলাদুন্নবীর র‍্যালিতে পুলিশের বাধা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ০৫:০৬ পিএম

সরাইলে ঈদে মিলাদুন্নবীর র‍্যালিতে পুলিশের বাধা

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও হিজরি ১৪৪৮ উদযাপন উপলক্ষে বের করা র‍্যালিতে পুলিশের বাধার অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১টার দিকে সরাইল সকালবাজার এলাকা থেকে র‍্যালিটি কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে। শহিদ মিনারের প্রবেশপথে পুলিশ মিছিলটি আটকে দিলে র‍্যালিটি সেখানেই সমাপ্ত ঘোষণা করা হয়।

এই অনাকাঙ্ক্ষিত বাধার কারণে স্থানীয় মুসল্লিদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যালিতে অংশ নেওয়া মুসল্লিরা পুলিশের বাধার মুখে কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করেন। পরে পরিস্থিতির অবনতি না ঘটিয়ে সেখানেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। 

পুলিশের পক্ষ থেকে এই বাধার কারণ সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।ধর্মীয় কর্মসূচিতে এমন বাধার অভিযোগ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে কর্মসূচি পালনের পথে এই পুলিশি পদক্ষেপ স্থানীয়দের জন্য অপ্রত্যাশিত ছিল বলে দাবি করছেন মুসল্লিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয় জরুরি ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।