আগস্ট ২২, ২০২৬, ১১:২৯ পিএম
ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের তিন সদস্যের মরদেহ নিজ বাড়িতে এসে পৌঁছেছে। শনিবার রাত সাড়ে দশটার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার ভাড়া বাসায় মরদেহগুলো পৌঁছালে সেখানে এক মর্মান্তিক ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
স্বজন ও সহকর্মীদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।চিকিৎসার জন্য সপরিবারে ভারতে যাওয়া এই সাংবাদিকের এমন আকস্মিক প্রস্থান মেনে নিতে পারছেন না কেউই।নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। অগ্নিকাণ্ডে তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী, তিন বছরের শিশুপুত্র এবং তাঁর শ্বশুর।
গত ৩ আগস্ট চিকিৎসার উদ্দেশ্যে তারা ভারতে গিয়েছিলেন এবং বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে সোমবার রাতে কলকাতায় ফিরেছিলেন। কেনাকাটা সেরে মঙ্গলবার তাদের দেশে ফেরার কথা থাকলেও তার আগেই ওই আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এই মর্মান্তিক মৃত্যুর খবরে কুষ্টিয়ার সাংবাদিক সমাজসহ পুরো জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। স্থানীয় সংবাদকর্মীরা জানান, জনস্বার্থের নানা বিষয় সাহসিকতার সঙ্গে তুলে ধরে সাংবাদিকতায় দেবাশীষের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় নিয়ম অনুযায়ী তাদের শেষকৃত্য ও দাফন সম্পন্ন করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন