আগস্ট ২৩, ২০২৬, ০২:২৯ পিএম
দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বিওপির সদস্যরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানগুলো পরিচালনা করেন।
এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ বেশ কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে।সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে বিজিবির এই কঠোর অবস্থান অপরাধীদের মাঝে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে।বিজিবি সূত্র জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় গত রাত একটার দিকে চান্দেরহাট বিওপির আওতাধীন এলাকায়। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার হতে কয়েক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর চৌরাস্তা নামক স্থান থেকে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে পঁয়তাল্লিশ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, তিনটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং আটটি সিমকার্ড জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এর আগে গত ২২ আগস্ট রাতে চান্দুরিয়া বিওপি কর্তৃক পরিচালিত অপর একটি অভিযানে ত্রিশ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য জিনিসপত্রের সর্বমোট আনুমানিক সিজার মূল্য প্রায় দশ লক্ষ একান্ন হাজার নয়শত টাকা বলে নিশ্চিত করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন যে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের এই ধরনের নিয়মিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন