আগস্ট ২৭, ২০২৬, ০৯:০৫ পিএম
নানা বাড়ি বেড়াতে এসে আনন্দঘন পরিবেশের মধ্যেই নদীর পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলাধুলার ফাঁকে নাগর নদীতে গোসল করতে নেমে রোহান নামের ছয় বছরের ওই শিশু নিখোঁজ হয় এবং পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয়।পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোহান স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত পরশু সে তার মায়ের সাথে আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে সে স্থানীয় অন্য শিশুদের সাথে বাড়ির পাশের নাগর নদীতে গোসল করতে নামে।
গোসলের একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে নদী থেকে উদ্ধার করেন, তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে।এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন