আগস্ট ২৯, ২০২৬, ১০:০৪ পিএম
পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে রাঙামাটির জনপ্রিয় পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতু। শনিবার দুপুর থেকে সেতুর কাঠের পাটাতনগুলো পানির নিচে চলে যাওয়ায় যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে দর্শনার্থী ও সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।শহরের ডিয়ার পার্ক এলাকায় অবস্থিত এই সেতুটি রাঙামাটি পর্যটন করপোরেশনের আওতাধীন।
পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা সেতুটি তলিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুপুরের পর থেকে এই পরিস্থিতি সৃষ্টি হয়। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই সেতুটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, হ্রদে বর্তমানে পর্যাপ্ত পানি রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে।
প্রতিবছর বর্ষা মৌসুমে হ্রদের পানি বাড়লে এই সেতুটি তলিয়ে যাওয়া এক নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। হ্রদের তলদেশ ভরাট হয়ে ধারণক্ষমতা কমে যাওয়ায় অল্প বৃষ্টিতেই পানি ওপরে উঠে আসে। এর ফলে দূরদূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা ঝুলন্ত সেতু দেখতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।এদিকে সেতুটির স্থায়ী সমাধানের জন্য এর উচ্চতা বাড়ানোর দাবি অনেক দিন ধরে জানিয়ে আসছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন