মোঃ সোলায়মান গনি
সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৬:৫১ পিএম
দিনাজপুর টিভি
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ১৭ বছর বয়সী কিশোর আকাশ, যে বয়সে তার মাঠে খেলাধুলা বা পড়াশোনা করার কথা, সেই বয়সেই সে মানসিক ভারসাম্যহীন হয়ে শেকলবন্দি জীবনযাপন করছে। পরিবার বলছে, টাকার অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তবে এখন উপজেলা প্রশাসন তার পাশে দাঁড়িয়েছে।
আকাশ চিলমারী উপজেলার পশ্চিম খরখরিয়া এলাকার সাজু মিয়া ও আকলিমা দম্পতির সন্তান। প্রায় দুই বছর আগে তার মানসিক সমস্যা শুরু হয়। একবার সে বাড়ি থেকে হারিয়েও গিয়েছিল। ভালো চিকিৎসার অভাবে কখনো সুস্থ আবার কখনো অস্বাভাবিক আচরণ করতে থাকে।
গত তিন মাস ধরে লোহার শেকল পরে বাড়িতে বন্দি আছে সে। এর আগে রশি দিয়ে বেঁধে রাখায় তার পা কেটে গিয়েছিল, তাই এবার শেকল পরানো হয়েছে।আকাশের মা আকলিমা বেগম বলেন, "ছেলের মাথার সমস্যা, ঘরবাড়ি ভেঙে ফেলে এবং ক্ষতি করার চেষ্টা করে, তাই বাধ্য হয়ে তাকে এভাবে রাখতে হচ্ছে।"
তার বাবা সাজু মিয়া, যিনি দিনমজুরের কাজ করেন, জানান ছেলের পেছনে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। যা তার মতো একজন দিনমজুরের জন্য অনেক বড় বোঝা। তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।স্থানীয় বাসিন্দারা জানান, আকাশ ছোটবেলা থেকেই খুব ভালো ছেলে ছিল।
হঠাৎ করেই তার এমন অবস্থা হয়েছে। তারা স্থানীয়ভাবে সহযোগিতা করলেও, ভালো চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন। তাদের বিশ্বাস, ভালো চিকিৎসা পেলে আকাশ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।এদিকে, আকাশ নিজে সুস্থ হয়ে আবার পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান কালবেলাকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আকাশকে প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হবে। পাশাপাশি প্রতিমাসে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করারও আশ্বাস দেওয়া হয়েছে।