রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে নির্বাচন চান গোলাম পরওয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৩:৪৫ পিএম

নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে নির্বাচন চান গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি মন্তব্য করেন, এই গণভোট ও ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়ার উপজেলার স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এক হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে হিন্দুদের সম্মানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর এ দেশের হিন্দুদের সব রাজনৈতিক দলগুলো ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিল করেছে। তিনি দাবি করেন, এখন হিন্দুদের স্লোগান একটাই সব মার্কা দেখা শেষ- দাঁড়িপাল্লার বাংলাদেশ। তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের নিয়ে এখন আর রাজনীতি করার সুযোগ নেই। হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই, হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে।

জামায়াত সেক্রেটারি বলেন, জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদার দাফন করা হবে। দেশের মানুষ পরিবর্তন চায় এবং আমরা সেই পরিবর্তন আনতে চাই।

তিনি বলেন, আমরা লাঙলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। একটি দলই বাকি আছে, সেটি হচ্ছে জামায়াতের দাঁড়িপাল্লা। তিনি চব্বিশের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, দেড় হাজার জীবন, ৪০ হাজার আহত হওয়ার মধ্য দিয়ে, চব্বিশের পরিবর্তনের মধ্য দিয়ে ঢাবি, চবি, রাবি, জাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পরিবর্তনের বার্তা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও সেই বার্তা দেশবাসী দেখাবে ইনশাআল্লাহ।