রবিউল এহ্সান রিপন
নভেম্বর ৬, ২০২৫, ০৩:৩৩ পিএম
ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে একই সময়ে ৮ জন ছাত্রী হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যা বিদ্যালয়জুড়ে রহস্য ও আতঙ্কের জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অসুস্থ ছাত্রীদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় প্রাত্যহিক অ্যাসেম্বলি শেষ হওয়ার পর ছাত্রীরা ক্লাসে ফেরে।
এর কিছুক্ষণ পরই এক ছাত্রী এবং তার পরপরই একই শ্রেণির আরও কয়েকজন ছাত্রী শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকিয়া আক্তার জুই জানান, ছাত্রীরা অ্যাসেম্বলি শেষে সবাই একই ধরনের বিস্কুট এবং পানি খেয়েছিল বলে জানিয়েছে, যার পরপরই উপসর্গ দেখা দেয়। তিনি বলেন, "ফুসফুস পরীক্ষা করে কোনো সংক্রমণ, জ্বর বা সর্দি, কাশি ছিল না।

হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়াটা খুবই অস্বাভাবিক। পানিতে কিছু ছিল কি না তা নিশ্চিত হতে পরীক্ষা জরুরি।" হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, অসুস্থ ছাত্রীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস আলী জানান, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারা বর্তমানে সুস্থ হয়েছে।