নভেম্বর ৬, ২০২৫, ০৫:২৮ পিএম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের বাসিন্দাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “নগরের যেকোনও সমস্যা ফেসবুকে না দিয়ে সরাসরি আমাকে বা চসিকের কর্মকর্তাদের দিন। ফেসবুকে ভিউ পাবেন, কিন্তু সমস্যা সমাধান হবে না।” তিনি চট্টগ্রাম নগরকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান।
বৃহস্পতিবার দুপুরে নগরের একটি কনভেনশন হলে মেয়র হিসেবে দায়িত্বের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে মেয়র বলেন, বর্তমানে নগরে দৈনিক ৩১০০ মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়। এর মধ্যে চসিক দৈনিক ২২শ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করছে। তবে বাকি ৯০০ মেট্রিক টন বর্জ্য অসচেতনতার কারণে খাল, নালা ও নদীতে চলে যাচ্ছে। তিনি বলেন, একমাত্র অসচেতনতার কারণেই শহরকে পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না এবং কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে।
এই সমস্যা মোকাবিলায় ‘ডোর টু ডোর প্রকল্প’ চালুর কথা উল্লেখ করে মেয়র জানান, এর কারণে চসিক এখন দৈনিক ৫০০ মেট্রিক টন বেশি আবর্জনা সংগ্রহ করতে পারছে। তিনি জনগণের প্রতি মাসে দেওয়া ৭০ টাকা ফি-কে বিনিয়োগ হিসেবে উল্লেখ করে বলেন, “খুব দ্রুত এমন দিন আসছে মানুষ ময়লা দিয়ে টাকা আয় করবে।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, তিনি চসিকের উদ্যোগে বায়ুগ্যাস প্লান্ট স্থাপন করবেন, যা থেকে সাধারণ মানুষ বিনামূল্যে গ্যাস পাবে। এছাড়াও চসিক থেকে ‘গ্রিন এনার্জি’ করার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ‘গ্রিন ডিজেল’ উৎপাদন করা হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে অর্থায়নের জন্য তিনি জাপান, ইউকে, ইউএসএ সফর করবেন বলে জানান।চসিক মেয়র আরও জানান, অভিনেতা জিয়াউল হক পলাশের সংগঠন ‘ডাকবাক্স’ নগরের ৪১টি ওয়ার্ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং ও মেন্টাল হেলথ কর্মসূচি পালন করবে এবং চসিক এতে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চসিকের সচিব আশরাফুল আমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ ভার্চুয়ালি বক্তব্য রাখেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন