মে ২২, ২০২৬, ০২:৩২ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জুয়া ও মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। অভিযোগ উঠেছে গুজব ছড়িয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাজোত সীমান্ত সংলগ্ন এলাকায় পুলিশ সদস্যরা মোটরসাইকেল নিয়ে পৌঁছালে এ ঘটনাটি ঘটে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বর্তমানে আহত পুলিশ সদস্যরা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একই সাথে থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।আহত police সদস্যরা হলেন- তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল এবং তুহিন।
পুলিশ সূত্রে জানা যায়, এএসআই সোহেল ও তুহিন সিভিল পোশাকে মোটরসাইকেল যোগে ওই এলাকায় জুয়া, মাদক এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলেন। ওই সময় রাস্তা দিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলি যাওয়ার সময় উল্টে যায়। ঘটনাটি দেখতে পেয়ে দায়িত্বরত ওই দুই police সদস্যরা ট্রলিতে থাকা ব্যক্তিদের উদ্ধার করতে এগিয়ে যান। উদ্ধারকাজ চলাকালীন সময়ে স্থানীয় কিছু উৎসুক জনতা এলাকায় একটি মিথ্যা গুজব ছড়িয়ে দেয়। তারা দাবি করে, পুলিশ আসার কারণেই ট্রলিটি দুর্ঘটনার শিকার হয়েছে।
এই গুজবকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে সেখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত জনতা দুই পুলিশ সদস্যকে ঘিরে ফেলে এবং তাদের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি সহ শারীরিক লাঞ্ছিত করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, পরিস্থিতি বেগতিক দেখে আক্রান্ত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ও আহত দুই এএসআই-কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহত পুলিশ সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষির আঘাতের চিহ্ন রয়েছে এবং তারা চিকিৎসাধীন আছেন। একই সাথে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন