শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

৭০ বছরের ঐতিহ্যবাহী বৈগ্রাম মাদ্রাসায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ০৭:১৬ পিএম

৭০ বছরের ঐতিহ্যবাহী বৈগ্রাম মাদ্রাসায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম ফোরকানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। সাত দশকের ঐতিহ্য নিয়ে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে আসা এই প্রতিষ্ঠানটি বর্তমানে টিকে থাকার কঠিন লড়াই করছে। অর্থসংকট, জরাজীর্ণ ভবন এবং শিক্ষকদের নিয়মিত বেতন না পাওয়া—সব মিলিয়ে মাদ্রাসাটি এখন মারাত্মক সংকটে।

অর্থের অভাবে জরাজীর্ণ মাটির ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ভাঙা দেওয়াল, ফাটল ধরা ঘর, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকেরা। অন্যদিকে, শিক্ষকরা মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।স্থানীয় এলাকাবাসী রফিকুল ইসলাম বলেন, "গ্রামের অনেক গরিব পরিবারের ছেলে-মেয়েরা এই মাদ্রাসায় পড়াশোনা করে।

ভবনের দেওয়াল ভেঙে পড়ার উপক্রম, তবুও তারা ঝুঁকি নিয়ে ক্লাস করছে। এভাবে কতদিন চলবে তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন।"শিক্ষার্থী মেহেদী হাসান জানায়, "প্রতিদিন ভাঙা ঘর আর নড়বড়ে দেওয়ালের মধ্যে ক্লাস করতে ভয় লাগে। তারপরও পড়া বন্ধ করি না, কারণ এই মাদ্রাসাই আমাদের একমাত্র ভরসা। দ্রুত ভবন মেরামত আর শিক্ষকদের নিয়মিত বেতন নিশ্চিত হলে আমরা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারব।"

মাদ্রাসার প্রধান শিক্ষক সামছুজ্জামান বলেন, "মাটির ভবনগুলো ফেটে গেছে। যেকোনো সময় ধসে পড়তে পারে। নতুন ভবন নির্মাণ এখন খুবই জরুরি। কিন্তু অর্থের অভাবে শিক্ষকদের বেতন পর্যন্ত ঠিকমতো দেওয়া যাচ্ছে না। উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা চাই।"

মাদ্রাসার সভাপতি কাশেম আলী বলেন, "অবস্থা এতটাই খারাপ যে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ভবনে প্রবেশ করেন। নতুন ভবন নির্মাণ ছাড়া উপায় নেই।

বোয়ালদাড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাজমুল হক বলেন, "আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে মাদ্রাসার সংকট অনেকটাই কেটে যাবে। ৭০ বছরের ঐতিহ্য বহন করা এই প্রতিষ্ঠানকে বাঁচাতে এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক।